বাংলাদেশ দলকে সাকিবের শুভকামনা

 আপডেট: ২৭ নভেম্বর ২০২৩, ১৪: ০৩ 

বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান

আঙুলে চোট থাকায় এমনিতেও সিরিজটা খেলার কথা নয় সাকিব আল হাসানের। আর এখন তো তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেরই প্রার্থী। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেবেন নির্বাচনে। বাংলাদেশ অধিনায়কের সকল ব্যস্ততা এখন নির্বাচনকে ঘিরেই।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে কাল থেকে শুরু দুই টেস্টের সিরিজের দল থেকে অন্তত মনস্তাত্ত্বিকভাবে দূরে নন সাকিব। গতকাল বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ দলকে জানিয়েছেন শুভকামনা।আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে সিরিজের অধিনায়ক নাজমুল এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘সাকিব ভাইকে অবশ্যই আমরা মিস করব। আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে। দলের ব্যাপারে গতকাল রাতে তিনি ফোন করেছিলেন, অভিনন্দন জানিয়েছেন। দলের সব খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন, যেন তারা ভালো করে। বলেছেন, আমরা যে জিনিসটা পারি, ওটাই যেন আমরা করি।’

সাকিবের অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব এই সিরিজে প্রথম দেবেন নাজমুল। তবে ওয়ানডেতে এর আগে তিন ম্যাচে অধিনায়কত্ব করেছেন। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে, এরপর সদ্য সমাপ্ত ভারত বিশ্বকাপে সাকিব চোট পেয়ে সাকিব টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর দুই ম্যাচে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url